তারেকসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৪০ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি যতদূর এই মামলার কাগজপত্র দেখেছি। সেখান থেকে আমি বলতে পারব বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলব না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।

ড. মোহাম্মদের ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে- ১২ জন মার্কিন সিনেটরদের এমন মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করব।

সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক এককথায় বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংসদের অধিবেশনেই শ্রম আইন পাস হবে বলেও আইনমন্ত্রী জানান।

নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে সকালে ঢাকা থেকে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী আনিসুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত