চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নেই স্থানীয় কোনো তারকা। আর ফরচুন বরিশালে দেশি তারকার ছড়াছড়ি। তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ ছাড়াও আছেন মেহেদি হাসান মিরাজ ও সৌম্য সরকাররা। কিন্তু তারা থেকেও কিছু করতে পারছেন না। উল্টো অখ্যাত বিদেশি ক্রিকেটাররাই গড়ে দিচ্ছেন ব্যবধান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুই বিদেশি তারকাই জেতালেন চট্টগ্রামকে।
কুর্টিস ক্যাম্ফারের ক্যামিও ইনিংসের জন্য শেষদিকে স্ট্রাইক না পেয়ে সেঞ্চুরি মিস করেন আবিষ্কা ফার্নান্দো। ক্যাম্ফার ৩২২ এর বেশি স্ট্রাইকরেটে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বলে আবিস্কার আক্ষেপ না হওয়ারই কথা। দুর্দান্ত ক্যাম্ফার এরপর বল হাতেও করলেন বাজিমাত। বল করতে এসে জোড়া উইকেট করে দখলে নিয়ে দুই ওভারেই তার শিকার ৪ উইকেট। তাতেই যেন ধ্বংসস্তূপ হয়ে যায় ফরচুন বরিশালের শক্তিশালী ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত বরিশালের ম্যাচ হার নিশ্চিত হয় ১০ রানে।
১৯৪ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে ১৮৩ রানেই থেমে গেছে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। ১৭ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছক্কায়।
এছাড়া অধিনায়ক তামিম ইকবাল ৩০ বলে ৩৩ রান করেন। তার বিদায়ের পর দ্রুতই হারায় কয়েকটি উইকেট। মিডল অর্ডারে নেমে মেহেদি হাসান মিরাজ ১৬ বলে ৩৫ রানের একটা ঝড়ো ইনিংস খেলেন। তবে এদিন ব্যর্থ হয়েছেন মুশফিক-রিয়াদরা।
চট্টগ্রামের হয়ে কার্টিস ক্যাম্পফার ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ২০ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া বিলাল খান দুটি ও আল আমিন হোসাইন নেন ১ উইকেট।
