২২ জেলায় শৈত্যপ্রবাহ বৃষ্টি বাড়াবে ভোগান্তি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:২৯ এএম

কয়েক দিনের তুলনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে উত্তরের বেশ কিছু জেলায় এখনো মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশের বিভিন্ন স্থানে চলমান শৈত্যপ্রবাহের মধ্যেই দুর্ভোগ বাড়াবে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৩১ জানুয়ারি দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী ১ থেকে ২ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে রংপুর, রাজশাহী বিভাগের জেলাগুলোসহ ২২ জেলায় এখন মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টিপাত বেশিদিন স্থায়ী হবে না। কোথাও কোথাও ১ থেকে ২ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে।

গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌযান চলাচল ব্যাহত হতে পারে। আর এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। আর এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, আগামীকাল সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এদিনও রবিবারের মতো কুয়াশার প্রভাব থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত