রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ান আহমেদের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সন্তানের মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে না নিলে অফিস যাওয়া-আসার পথে ক্ষতি বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আয়ানের বাবা মো. শামীম আহমেদ।
গতকাল রবিবার ঢাকার শাহবাগ থানায় জিডিটি করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘আজ (গতকাল) সকালে শামীম আহমেদ নামের একজন সাধারণ ডায়েরি করেছেন।’
জিডির আবেদনে বলা হয়েছে, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মামা হাইকোর্টে রিট পিটিশনের শুনানিতে এসেছিলেন। শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে হাইকোর্ট মাজারগেট থেকে হেঁটে শিশু একাডেমিতে আসার পথে ফুটপাতের ওপর বাড্ডা থানায় করা মামলার আসামিদের পক্ষের ছয় থেকে সাতজন ব্যক্তি পথরোধ করেন। এ সময় তারা ডাক্তারের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন।
