পররাষ্ট্রমন্ত্রী বললেন

ড. ইউনূসকে নিয়ে সংবাদ নয় বিজ্ঞাপন ছাপা হয়েছে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়াশিংটন পোস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অন্য নোবেল বিজয়ীদের যে বিবৃতি ছাপা হয়েছে, সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়। ড. ইউনূসকে নিয়ে গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত খোলা চিঠি নিয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

এদিন সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘এ রকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। তবে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেককে বিচারের সম্মুখীন হতে হয়, জেলেও যায় এবং ইউনূস সাহেবের এই মামলায় সরকার কোনো পক্ষ না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিচারব্যবস্থা অত্যন্ত স্বাধীন, শ্রমিক-কর্মচারীরাই ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে। ড. ইউনূস সাহেবের প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা বলছেন, তারাই তার বিরুদ্ধে মামলা করেছেন এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় রায় হয়েছে, এখানে সরকার কোনো পক্ষ নয়।’

অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ ১০ বছর আগে এখানে এসেছিল, দু-একজন বলেছেন তিনি ১২ বছর আগে এখানে এসেছিলেন আবার ২০২০ সালেও এসেছিলেন। তারা বলেন, আগের এবং আজকের মধ্যে অনেক পার্থক্য, বাংলাদেশের অনেক উন্নয়ন-অগ্রগতি হয়েছে। প্রত্যেকটা দেশই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে এবং অনেকেই বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে। কয়েকটি দেশ আমাদের দক্ষ জনশক্তি আমদানির আগ্রহ ব্যক্ত করেছে। আফ্রিকায় কৃষি খাতেও এই সুযোগ রয়েছে।’

বতসোয়ানা, কম্বোডিয়া, চেক রিপাবলিক, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, লুক্সেমবার্গ, মঙ্গোলিয়া, নর্থ মেসিডোনিয়া, পেরু, সেøাভাক রিপাবলিক, সেøাভেনিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

সাক্ষাৎ শেষে তাদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সুইডেনের রাষ্ট্রদূত এবং বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ : পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল দুপুরে মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

রাষ্ট্রদূত লিন্ডের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাছান সবুজ শক্তি ও বর্জ্য থেকে শক্তি আহরণে সহযোগিতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে সুইডেনের সহায়তা নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনায় মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সুইডেন এ বিষয়ে সহায়তা অব্যাহত রাখবে বলে জানায়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে দেওয়া সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনপত্র মন্ত্রীকে হস্তান্তর করেন আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই সাত দেশের আঞ্চলিক সহযোগিতা সংগঠন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) নতুন মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে বৈঠকে বহুপক্ষীয় আঞ্চলিক সহযোগিতার প্রসার নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান।

ঢাকায় বিমসটেক সচিবালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ, আঞ্চলিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, যোগাযোগ অবকাঠামোসহ নানা বিষয়ের পাশাপাশি চলতি বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকও আলোচনায় স্থান পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত