হাইকোর্টের রায়

হাত হারানো নাইম পাবে ৩০ লাখ টাকার এফডিআর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম

তিন বছরের বেশি সময় আগে কিশোরগঞ্জের ভৈরবে একটি ওয়ার্কশপে কাজ করতে গিয়ে মেশিনে ডান হাত হারানো শিশু নাইম হাসানের নামে ৩০ লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) হিসাব করে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে পড়া ১৩ বছর বয়সী এ শিশুকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আগামী এপ্রিল থেকে প্রতি মাসে ৭ হাজার করে দিতে হবে। 

আদালতের এ নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট ওয়ার্কশপ মালিকপক্ষ। নাইম হাসানকে ক্ষতিপূরণের প্রশ্নে দেওয়া রুল নিষ্পত্তি করে বুধবার (৩১ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

রায়ে বলা হয়েছে, ১৫ লাখ টাকা আগামী এপ্রিল মাসের মধ্যে ও বাকী ১৫ লাখ টাকা ডিসেম্বরের মধ্যে ১০ বছর বছর মেয়াদি এফডিআর করে দিতে হবে।

আদালতে ক্ষতিপূরণের পক্ষে করা রিটে শুনানি করেন আইনজীবী অনীক আর হক ও মো. বাকির উদ্দিন ভূইয়া। ওয়ার্কশপ মালিকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম।

২০২০ সালের ২৭ ডিসেম্বর নাইমকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল দিয়েছিল হাইকোর্ট। গত বছরের ৫ ডিসেম্বর রুলের ওপর শুনানি শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত