২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ‘অমর একুশে বইমেলা-২০২৪’ উদ্বোধনকালে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বৈশ্বিক মঞ্চে পৌঁছে দিতে বিভিন্ন ভাষায় অনুবাদের পাশাপাশি মুদ্রিত বইগুলোর ডিজিটাল প্রকাশের ওপর গুরুত্বারোপ করারও আহ্বান জানান।
বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে রেকর্ড ২১তমবারের মতো মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার ভাষণে বিভিন্ন দেশের মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার পাদপিঠ হয়ে ওঠা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘দ্বিতীয়বার যখন আমি সরকারে আসি, সেটা প্রতিষ্ঠা করি। এখন সেখানে সারা বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা হচ্ছে, চর্চা হচ্ছে, অনেক ভাষার ইতিহাস সম্পর্কে সেখানে জানা যায়। এটা যেন আরও সমৃদ্ধ হয়, সেটা আমি চাই।’
প্রকাশকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘আমি সব প্রকাশককে মুদ্রণ প্রকাশনার পাশাপাশি ডিজিটাল প্রকাশক হওয়ার জন্য অনুরোধ করছি। যাতে আমরা আমাদের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে শুধু দেশের অভ্যন্তরে নয়, বিশ্বমঞ্চেও দ্রুত পৌঁছে দিতে পারি।’
‘এখন আমাদের যুগটা হয়ে গেছে আসলে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ’ এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেজন্য আমি আমাদের প্রকাশকদের অনুরোধ করব, এখন শুধু কাগজের প্রকাশক হলেই হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। কাজেই ডিজিটাল প্রকাশক হলে এটা দ্রুত শুধু আমরা আমাদের দেশে নয়, বিদেশেও সবার কাছে পৌঁছাতে পারব এবং অন্যান্য ভাষাভাষীরাও পড়বে।’ তিনি আরও বলেন, ‘লাইব্রেরিগুলোতে পড়ার জন্য (বই) থাকবে, আবার অডিও ভার্সনটাও যেন থাকে। এটারও প্রয়োজন আছে। সেটা থাকলে অনেকের সুবিধা, শোনার মাধ্যমে জানতে পারবে। সেই ব্যবস্থাটাও আমাদের নেওয়া উচিত।’
তবে বইপাঠের আনন্দের অনেকটাই ডিজিটাল ডিভাইসে বই পড়ার মধ্যে থাকে না সে কথারও উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘একটি বই হাতে নিয়ে পাতা উল্টে পড়ার মধ্যে একটি আলাদা আনন্দ আছে। তবে আজকালকার যুগে ছেলেমেয়েরা আবার ট্যাবে করে বই পড়ে। আবার ল্যাপটপ বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের সাহায্যে বই পড়ে। যদিও আমরা তাতে মজা পাই না।’
অনুবাদ সাহিত্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনুবাদ সাহিত্যে আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই একসময় অনেকে দাবি তুলেছিলেন অনুবাদ করা যাবে না। কিন্তু আমি অনুবাদের পক্ষে। অনুবাদ যদি না হয় তাহলে এত ভাষা আমরা কোথা থেকে জানব। কাজেই যেকোনো ভাষাকে অনুবাদ করে, একেকটা দেশকে জানতে হলে, জাতিকে জানতে হলে, সংস্কৃতিকে জানতে হলে আমরা ভাষার মধ্যে দিয়ে জানতে পারি।’
তিনি বলেন, ‘আমাদের বাংলা সাহিত্য যত বেশি অনুবাদ হবে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাভাষীরা পড়ার সুযোগ পাবে। সেখানে আমি আরেকটা কথা বলব, বাংলা একাডেমি একটি আলাদা ওয়েব পোর্টাল তৈরি করে যত প্রকাশনা হয়, সেগুলো ডিজিটালাইজড করে সেটা প্রচার করা এবং অন্যান্য ভাষার যাতে অনুবাদ হয় সে ব্যবস্থাটা করতে পারলে আমরা আমাদের মাতৃভাষা বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে আরও দ্রুত বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যেতে পারব। সে ব্যবস্থাটা আমাদের করা দরকার।’
সরকারপ্রধান অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খণ্ড’ এবং ‘প্রাণের মেলায় শেখ হাসিনা’ (বাংলা একাডেমিতে শেখ হাসিনার গত ২০ বারের ভাষণের সংকলন) শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করেন। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১১টি বিভাগে পুরস্কারজয়ীরা হলেন শামীম আজাদ (কবিতা), ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (কথাসাহিত্য), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), নাট্যকার মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (যৌথভাবে নাটক ও নাট্যসাহিত্য), তপঙ্কর চক্রবর্তী (শিশুসাহিত্য), আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধের ওপর গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুর ওপর গবেষণা), পক্ষীবিদ ইনাম আল হক (পরিবেশ/বিজ্ঞান), ইসহাক খান (জীবনী) এবং তপন বাগচী ও সুমন কুমার দাস (যৌথভাবে লোককাহিনি)।
বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ পরিবেশিত হয়। এরপর ভাষাশহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানের পর বইমেলা ঘুরে দেখেন।
তার সরকার ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছিল যেটা এখন করতে পেরেছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কাজেই স্মার্ট বাংলাদেশ হতে হবে সর্বক্ষেত্রেই। আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট গভর্মেন্ট হবে, স্মার্ট ইকোনমি হবে এবং স্মার্ট সোসাইটি হবে। এই স্মার্ট সোসাইটি করতে গেলে ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবকিছুই আমাদের সেখানে নিয়ে যেতে হবে।’
আগামীতে আরও আন্তর্জাতিক সাহিত্যিকদের নিয়ে এসে বিশেষ করে বাংলা ভাষায় যারা সাহিত্যচর্চা করেন তাদের এনে আরও বর্ণাঢ্য সাহিত্য মেলা করার ঘোষণাও দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী হিসেবে আসায় প্রাণের মেলার এই উচ্ছ্বাসে সেভাবে আগের মতো আর মিশতে পারেন না সে কথারও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে এভাবে মেলায় আসার কোনো মজা নেই। কারণ নিরাপত্তার বেড়াজালে স্বাধীনতাটাই হারিয়ে গেছে। এখানে আসলে মনে পড়ে সেই ছোটবেলার কথা, স্কুল জীবনের কথা, এমনকি ৮১ সালে দেশে ফিরতে পারার পর থেকে প্রতিবারই আসতাম।’
কোমলমতি শিশু-কিশোরদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘বই পড়ার অভ্যাসটা সবার থাকা উচিত। এটা বাবা-মা যদি ছোটবেলা থেকে শেখায় তাহলেই কিন্তু এ বই পড়ার অভ্যাসটা হবে।’
তিনি অমর একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর স্বীকৃতি এনে দেওয়ায় আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় কানাডাপ্রবাসী রফিক এবং সালামসহ ‘ভালোবাসি মাতৃভাষা’ নামের সংগঠনের অবদানের কথাও স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, ‘রক্তের অক্ষরে আমরা যে মাতৃভাষার অধিকার আদায় করেছি সেটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।’ বাসস
