বুমরার আগুনে বোলিংয়ে ইংল্যান্ড ২৫৩, ভারত এগিয়ে ১৭১ রানে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

প্রথম ইনিংসে ৩৯৬ রান সংগ্রহ করার পর ইংল্যান্ডকে ২৫৩ রানেই গুটিয়ে দিয়েছে ভারত। ভারতীয় ইনিংসে ইংলিশ স্পিনাররা চোখ রাঙালেও ভারতের হয়ে বল হাতে শাসন করেছেন জাসপ্রিত বুমরা। ৪৫ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট। দ্বিতীয় দিনশেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। বিশাখাপত্তনম টেস্টে ভারতের লিড ১৭১ রানের।

আগের দিনের ১৭৯ রান নিয়ে খেলতে নামা যশস্বী ২৭৭ বলে ভারতের তৃতীয় কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। এর পর আর ১৩ বল টিকেছেন। ৪২৩ মিনিটে ১৯ বাউন্ডারি ও ৭ ছক্কায় ২০৯ রান করার পর জিমি অ্যান্ডারসনের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। তখন ভারতের প্রথম ইনিংসের স্কোর ৩৮৩। এরপর আর ৫ ওভারের মধ্যে ৩৯৬ রানে স্বাগতিকরা গুটিয়ে যায়। যশস্বীর পর সর্বোচ্চ রান শুবমান গিলের ৩৪। এছাড়া অভিষিক্ত রজত পাতিদার ৩২, অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার ২৭ এবং রবিচন্দ্রন অশ্বিন করেন ২০। তিনটি করে উইকেট নেন অভিষিক্ত শোয়েব বশির, রেহান আহমেদ ও জিমি অ্যান্ডারসন। টম হার্টলি নেন একটি উইকেট।

ইংল্যান্ড ইনিংসে বাজবলের ঝলক দেখান জ্যাক ক্রলি। দলীয় ১১৪ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফেরার সময় তার নামের পাশে ৭৮ বলে ৭৬ রান। এরপরই খেই হারায় ইংল্যান্ড। আর কোনো বড় জুটি না গড়ায় ২৫৩ রানেই থেমে যায় প্রথম ইনিংস। ভারতকে ১৪৩ রানের লিড এনে দেন জাসপ্রিত বুমরা ও কুলদীপ যাদব। ক্রলির পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস। বুমরা শিকার করেন ৬ উইকেট। ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার ৬ উইকেট শিকার করলেন বুমরা। কুলদীপ নেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল পান একটি উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ভারত দিন শেষ করেছে বিনা উইকেটে ২৮ রান তুলে। যশস্বী ১৫ ও রোহিত ১৩ রানে অপরাজিত আছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত