চালকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিরিকশাটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম রজ্জব আলী (৪৮)। তিনি উপজেলার পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের ছেলে সানাউল্লাহ জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ৮টার দিকে ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বের হন তার বাবা। পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় তার বাবাকে ছিনতাইকারীরা হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তাদের সংসারে এক ছেলে দুই মেয়ে। তার স্বামী খুবই সহজ-সরল প্রকৃতির মানুষ। অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করেন। তার স্বামীকে হত্যা করায় তার পরিবার এখন নিঃস্ব। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রীবেশে ওঠে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত