দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে সেইফ ফুড কার্নিভাল। দেশসেরা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ঐতিহ্যবাহী নানান খাবারের আয়োজন এবং সেসব খাবারের নানান কলাকৌশল থাকবে এ আয়োজনে। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ কার্নিভাল চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফুড কার্নিভালের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে, কোনো প্রবেশমূল্য থাকবে না। এ ফুড কার্নিভালের আয়োজন করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএফএসএর চেয়ারম্যান মোহাম্মাদ আবদুল কাইউম সরকার এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য নাজমা বেগম, ড. মোহাম্মদ সোহেব এবং সচিব আবদুল নাসের খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কার্নিভালে ঐতিহ্যবাহী খাবারসহ নামিদামি পাঁচ তারকা হোটেলের খাদ্যপণ্যও প্রদর্শন করা হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকছেÑ আকিজ, প্রাণ, কোকাকোলা, ফিনলে, বেঙ্গলমিট, ইউনিলিভার, নেসলে, ডমিনোজ, আবুল খায়ের ও স্কয়ার।
১০ ফেব্রুয়ারি পিঠা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজিন প্রদর্শনী ও পুতুল নাচ থাকবে। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির।
