অবশেষে দখল মুক্ত হলো নারায়ণগঞ্জের আলোচিত মীর জুমলা সড়ক। কোটি টাকা চাঁদাবাজির এ সড়ক থেকে অবৈধ দোকানীদের উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে পথচারীদের। এর আগে ২০২৩ সালের ১ অক্টোবর দৈনিক দেশ রূপান্তরে ‘মীর জুমলা সড়ক দখল করে বাজার, মাসে চাঁদা অর্ধকোটি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের দিগুবাবুর বাজারের মীর জুমলা সড়কটি অবৈধ হকার ও বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু, নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্য।
উচ্ছেদ অভিযান শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল আলোচনায় জনপ্রতিনিধিসহ সকলের ঐকমতে শহরের যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই প্রেক্ষিতে গত তিনদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রশাসন যৌথভাবে আজ মঙ্গলবার মীর জুমলা সড়কটির দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আপনারা দেখছেন কী সুন্দর একটি ঢালাই করা রাস্তা, অবৈধ দোকান বসানোর কারণে মনে হবে না যে এখানে রাস্তা ছিল। আমরা দুই-তিনদিন ধরে চেষ্টা করে যাচ্ছি চলাচলের জন্য হকার মুক্ত রাস্তা নারায়ণগঞ্জবাসীকে উপহার দিতে।
তিনি আরও বলেন, আমি আশা করি যারা হকার আছে তাদের থেকে শুরু নারায়ণগঞ্জের সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রশাসনের সকলের যৌথ প্রচেষ্টায় আমরা সুন্দর একটি স্মার্ট নারায়ণগঞ্জ গড়বো। যেখানে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আমাদের যে কার্যক্রম চলছে সেটি অব্যাহত থাকবে। গত ২-৩ দিনে যে অর্জনটা করেছি সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় সেই অর্জনটা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে চাই।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে বাজারের সামনের খালি জায়গা ইজারা নিয়ে মীর জুমলা সড়কের উপর কয়েকশ দোকান বসাতেন ইজারাদার। বহু চেষ্টা করেও এখানকার হকারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। কয়েক বছর পূর্বে আলোচিত পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে সড়কটি উদ্ধার হয়। তিনি বদলি হয়ে যাওয়ার পর আবারও রাস্তাটি দখল করে নেয়।
গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে শহরের সব সড়কের অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত আসে। গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু প্রমুখ।
মীর জুমলা সড়ক দখল করে বাজার, মাসে চাঁদা অর্ধকোটি
শ্রীপুরে ফিল্মি স্টাইলে গুলি-মহড়া, আতঙ্কে মানুষ
জিআই সনদের অপেক্ষায় বাংলাদেশের আরও যেসব পণ্য 