ইতোর পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান ফুটবল ফেডারেশনের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম

ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো ২০২১ সালের ডিসেম্বরে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। দুবছর যেতেই নানা অভিযোগের ভিত্তিতে সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে ইতোর পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফেডারেশনের নির্বাহী কমিটি।

নির্বাহী কমিটির এক বৈঠকে সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান ইতো। তবে ফেডারেশনের নির্বাহী কমিটি ইতোর পদত্যাগের প্রস্তাব সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান এর কথা জানিয়েছে।

এবার আফ্রিকা নেশন্স কাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় ক্যামেরুন। ব্যর্থতার রেশ কাটার আগেই ইতোর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে। তার বিরুদ্ধে ম্যাচ পাতানো, ভুল তথ্য ছড়ানো, হুমকি দেওয়া, সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানায়, ইতোর বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো নথি আকারে ফিফার নৈতিকতা কমিটিকে পাঠিয়েছেন ফেডারেশনের সাবেক সহসভাপতি হেনরি এনজাল্লা কুয়ান জুনিয়র। অ্যাথলেটিকের সংবাদে এও বলা হয়, ইতোর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত