‘পদ্মা সেতুতে দৈনিক আয় সোয়া ২ কোটি টাকা’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে সেতু পারাপারকারী যানবাহন হতে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। এ ছাড়া দৈনিক গড়ে টোল আদায় হয়েছে দুই কোটি ১৮ লাখ টাকা।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক ২০২২ সালের ২৫ জুন পদ্মা বহুমুখী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পরদিন ২৬ জুন। উদ্বোধনের পর থেকে সেতু পারাপারকারী যানবাহন হতে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সাথে ঢাকাসহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত এক বছরে সেতু থেকে আয় হয়েছে প্রায় আটশো কোটি (৭৯৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার) টাকা। দৈনিক গড় আয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা।

সরকারপ্রধান বলেন, পদ্মা বহুমুখী সেতু দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে। দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকাসহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। এ ছাড়া বছরে শ্রমশক্তির প্রায় ১ দশমিক ৪ শতাংশের কর্মসংস্থান ঘটেছে। এই সেতু নির্মাণের ফলে সারা দেশে দশমিক ৮৪ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে, জিডিপি প্রবৃদ্ধি- দক্ষিণাঞ্চলে ২ দশমিক ৫ শতাংশ এবং সামগ্রিকভাবে ১ দশমিক ২৩ শতাংশ বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত