সড়ক খাতে ৩৭৬০ কোটির ঋণ দেবে বিশ্বব্যাংক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ এএম

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে তিন হাজার ৭৬০ কোটি টাকা ঋণ দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিন বনানীর সেতু ভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের সহায়তাকারী পরামর্শক নিয়োগের কার্যক্রম চলমান। এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বানের মাধ্যমে পাওয়া প্রস্তাবসমূহ মূল্যায়ন করে সংক্ষিপ্ত তালিকা অনুমোদনের জন্য বিশ্বব্যাংকের কাছ পাঠানো হয়েছে। ইনডিভিজুয়াল প্রকিউরমেন্ট কনসালটেন্ট অ্যান্ড সোশ্যাল স্পেশালিস্ট নিয়োগ কার্যক্রমও সম্পন্ন হওয়ার পথে। তিনি বলেন, সড়কের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় গৃহীত প্রকল্পটির মোট ব্যয় প্রায় চার হাজার ৯৮৮ কোটি টাকা। যার মধ্যে জিওবি এক হাজার ২৩৮ কোটি ও প্রকল্প ঋণ তিন হাজার ৭৬০ কোটি টাকা প্রায়। প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘অগ্রগতি যেটুকু হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়েছি। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে চলে যাওয়ার পর নতুন প্রকল্প গ্রহণ করিনি। কিন্তু এই প্রস্তাব দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে তা গ্রহণ করছি।’

সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, বাংলাদেশ পুলিশ ও ডিজিএইচএস-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলেও জানান তিনি। এ প্রকল্পের আওতায় নিরাপদ সড়ক করিডর বাস্তবায়ন, পেশাদার ড্রাইভারদের জন্য ট্রেনিং, ভেহিকল পরিদর্শন কার্যক্রম আধুনিকীকরণ, তিনটি হাসপাতালে (মুগদা, টাঙ্গাইল এবং বগুড়া) ট্রমা সেন্টার আধুনিকীকরণ, পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ ও ক্রাশ ডাটাবেজ সিস্টেম আধুনিকীকরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত