চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলীর বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবুরুদ উদ্ধার করেছে পুলিশ।
বাঁশখালী থানার পুলিশ লেয়াকত আলীকে সঙ্গে নিয়ে এই বিশেষ অভিযানে যায়। এসময় ২টি বিদেশি পিস্তল, ৫টি দেশীয় তৈরি এলজি, ২টি কাটা একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ (বাহাত্তর) রাউন্ড গুলি, ২৬টি কাতুর্জ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ, ৬টি কাঠের বাটযুক্ত ধারালো রাম দা এবং ৪০টি বিভিন্ন সাইজের গইট্টা (লাঠি) উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাঁশখালী থানায় অস্ত্র উদ্ধারসংক্রান্ত এক প্রেস ব্রিফিং করে পুলিশ। এসময় সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার ওসি মো. তোফায়েল আহমেদ, পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদারসহ থানা পুলিশের অন্য কর্মকর্তারা ছিলেন।
পুলিশ জানান, বাঁশখালী থানায় গত ০৫ ফেব্রয়ারি করা মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ লেয়াকত আলী (৫২)। গত ০৭ ফেব্রয়ারি ঢাকার ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে গন্ডামারা ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আছে। এরই প্রেক্ষিতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি তার কাছে থাকা অস্ত্র গোলাবারুদের কথা স্বীকার করেন। এরই প্রেক্ষিতে উপরি-উক্ত দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
