গাইবান্ধার সাদুল্লাপুরে শরিফুল ইসলাম (৩৮) নামের ডলার চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার শরিফুল ইসলাম একই উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলার নিজামুল হক নামের এক ব্যক্তি শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩ মাস আগে মোবাইল ফোনে প্রতারক শরিফুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। পরে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে নিজামুল ইসলামের কাছ থেকে পাচ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক শরিফুল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল নিজ বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ও কথিত আমেরিকান ১ ডলার সাদৃশ্য মূল্যমান নোট, মোটরসাইকেল, ইজিবাইক, চার্জার ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যবৃন্দ।
