উচ্চস্বরে কথা বলায় খুন, আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

বগুড়ার শাজাহানপুরে উচ্চস্বরে কথা বলায় আলামিন (২১) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত মারুফকে (২০) নামে এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় ফয়সাল (২০) নামের আরেক যুবক আহত হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মারুফ শাজাহানপুর উপজেলার এরুলবিশা গ্রামের মিজানের ছেলে।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। ছুরিকাঘাতে নিহত আলামিন বগুড়া শহরতলীর শাকপালা দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং আহত ফয়সাল একই এলাকার মনির উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শাজাহানপুরের বয়ড়াদিঘী গ্রামে জামে মসজিদ সংলগ্ন রাস্তার ওপর ঘোরফেরা করছিল আলামিন ও ফয়সাল। এ সময় উচ্চস্বরে কথা বলা নিয়ে তাদের সঙ্গে মারুফের বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলামিন ও ফয়সালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আলামিন মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। আলামিন নিহত হওয়ার পরপরই বিষয়টি নিয়ে র‍্যাব তৎপর হয়ে ওঠে।

র‍্যাবের কমান্ডার মীর মনির হোসেন জানান, গতকাল শুক্রবার রাজধানীর আশুলিয়া এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত