মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ সদস্যসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গতকাল রবিবার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহাগ তালুকদার (৩০) শহরের হরিকুমারিয়া এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
আহত পুলিশ সদস্য রাজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজীব সদর মডেল থানার ওসির দেহরক্ষী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে মাদারীপুর আদালত প্রাঙ্গণে আগের মামলার কাজে যান ছাত্রলীগ নেতা সজীব সরদার ও সুমন কাজী গ্রুপের লোকজন। দুই পক্ষ আদালত প্রাঙ্গণে মুখোমুখি হওয়ায় তাদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে শহরের ইটেরপুল এলাকায় ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে যাত্রী ও পথচারীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গুলিবিদ্ধ সোহাগ তালুকদারের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘ছেলেকে স্কুল থেকে আনতে আমার স্বামী বাসা থেকে বের হয়। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে। পরে পুলিশের গুলিতে সে আহত হয়। যারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়, তাদের কিছুই বলে না। অথচ পুলিশ পথচারীদের ওপর এমন গুলি করে, এর বিচার হওয়া উচিত।’
রাবার বুলেট বিদ্ধ অটোচালক সোহাগ তালুকদার বলেন, ‘আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে আমার গায়ে গুলি লাগে।’
মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, হাসপাতালে কয়েকজন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ সদস্য ও এক ইজিবাইক চালকও রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা-পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে ৭-৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, বিবদমান দুটি পক্ষের মধ্যে ছাত্রলীগ নেতা সজীব সরদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর সুমন কাজী সহসভাপতি। সজীব মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী। অন্যদিকে সুমন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিমের সমর্থক।
