ডিএমপি কমিশনার বললেন

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৫ এএম

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। তিনি বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে মাদকসেবী তৈরি না হয় সেই আন্দোলন গড়ে তুলতে হবে।’

গতকাল রবিবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (দিবা শাখা) ৫৬তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, জীবন একটি যুদ্ধক্ষেত্র। জীবনের এই পর্যায়ে জীবনের ভিত্তি তৈরি করতে হয়। পরিবার, সমাজ, দেশ, বিশ্বকে তথা পরবর্তী প্রজন্মকে কিছু দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘অনেকেই বলে থাকেন মোবাইল ফোন শেষ করে দিচ্ছে আমাদের সন্তানদের, আমাদের পরবর্তী প্রজন্মকে। আমি বলতে চাই, সারা বিশ্বের জন্যই মোবাইল ফোন একটি আধুনিক প্রযুক্তি। এটি অত্যাবশ্যকীয় বিষয়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো লাইব্রেরি থেকে যেকোনো বই পড়া যায়। বর্তমানে এই মোবাইল ফোন হলো জ্ঞানের ভাণ্ডার। এটা আমাদের ত্যাগ করার কোনো উপায় নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত