তিন ফরম্যাটেই শান্ত বাংলাদেশের অধিনায়ক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম

সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে  ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। বিকেল থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সাংবাদিকদের বিসিবি প্রেসিডেন্ট ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, 'অধিনায়ক নির্বাচনে সময় বেশি লেগেছে। আজকে বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শান্তকে, নাজমুল হোসেন শান্তকে এই বছরের জন্য অধিনায়ক নির্বাচন করেছি।'

আগামী মাসে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর দিয়ে অধিনায়কত্বের নতুন অ্যাসাইনমেন্ট শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। 

সাকিব আল হাসানের চোটে বিশ্বকাপেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেও অধিনায়ক ছিলেন এই তরুণ। চৌকশ নেতৃত্বে নজরও কাড়েন সবার। তখন থেকেই গুঞ্জন তিনিই হতে যাচ্ছেন স্থায়ী অধিনায়ক।

টপ-অর্ডার ব্যাটসম্যানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট এবং দেশের বাইরে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের দুই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর ডেপুটি ছিলেন মেহেদী হাসান মিরাজ।

তবে এবার নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পাওয়ার পর শান্তর সহ-অধিনায়ক কে হচ্ছেন, তা জানাতে সময় চেয়েছে বিসিবি। 'সহ-অধিনায়ক থাকবে। আপাতত সামনে যেহেতু কয়েকটি সিরিজ আছে, এখানে একটা সমস্যা হলো সবগুলো সিরিজে সব ক্রিকেটার থাকবে কিনা আমরা নিশ্চিত নই। একজন টেস্ট-ওয়ানডেতে আছে, টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে' জানান পাপন। যোগ করেন, 'আমরা মোটামুটি নির্ধারণ করে ফেলেছি, সহ-অধিনায়ক কে হবে। তবে নির্দিষ্ট সিরিজে কোন ক্রিকেটার থাকছে, তার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এটা আমরা একটু সময় নিচ্ছি। দুটো সংস্করণে আমরা এখনই বলে দিতে পারি। তবু একটু সময় নিচ্ছি। সহ-অধিনায়ক খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত