রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে নাসিম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী ও চাচাতো ভাই মো. আবুল কাশেম জানান, তারা উত্তরা ১২ নম্বর সেক্টর হাউজ বিল্ডিং খালপাড়া এলাকায় একটি নির্মাণাধীন দশতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। ভবনটির অষ্টম তলায় ক্রেন দিয়ে মালামাল তুলছিলেন নাসিম। বিকেলে সেই অষ্টম তলা থেকে নিচে পড়ে যান তিনি। দেখতে পেয়ে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ভবন থেকে কীভাবে তিনি নিচে পড়েছেন সে বিষয়ে তার কোনো সহকর্মী কিছুই জানেন না বলে দাবি করেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নাসিমের বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। বর্তমানে উত্তরার ওই ভবনেই থাকতেন। আনুমানিক ৩ বছর যাবত ভবনটিতে কাজ করে আসছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত