৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যকে ধারণ করে বগুড়ায় শুরু হয়েছে মাছের মেলাখ্যাত ‘পোড়াদহ মেলা’। গতকাল বুধবার বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় প্রধান আকর্ষণ কক্সবাজার থেকে নিয়ে আসা ৪০ কেজি ওজনের পাখি মাছ, যার ইংরেজি নাম মার্লিন ফিশ। মাছ ব্যবসায়ী এটির দাম হাঁকিয়েছেন প্রতি কেজি দুই হাজার টাকা করে।
এদিকে মেলায় বড় বড় বিভিন্ন জাতের মাছ কিনতে সকাল থেকে ভিড় জমিয়েছেন আশপাশের কয়েক গ্রামের জামাই। তবে মেলার বিশেষ আকর্ষণ বাগাড় মাছ এবারও বিক্রি নিষিদ্ধ রয়েছে।
প্রতিবছর বাংলা সনের পৌষের শেষ বুধবার এ মেলা বসলেও এবার ফাল্গুনের প্রথম দিন বসেছে পোড়াদহ মাছের মেলা। গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় এসে দেখা মিলবে বড় বড় বিভিন্ন প্রজাতির সব মাছ। পোড়াদহ মেলা প্রাঙ্গণেও রয়েছে শতাধিক খুচরা মাছ বিক্রেতা। সারিবদ্ধভাবে এই ব্যবসায়ীরা মাছের পসরা সাজিয়ে বসেছেন। দোকানে মাঝারি, ছোট বিভিন্ন জাতের মাছের পসরা সাজিয়ে বসেছেন তারা। মেলার পূর্বপ্রান্তে উত্তর-দক্ষিণসহ ও মাঝ দিয়ে লম্বালম্বিভাবে বসেছে একাধিক দোকানের সারি। বিখ্যাত এই পোড়াদহ মেলা বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী থেকে আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে এই মেলা বসেছে। পোড়াদহ মেলা মানেই বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছের মেলা ও মাছের আকৃতির মিষ্টির পসরা।
মেলা উপলক্ষে আশপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজন ভিড় জমান। মেলাকে কেন্দ্র করে গ্রামগুলো হয়ে উঠে উৎসবস্থল।
