গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার পাশাপাশি সিমান্তবর্তী দেশ লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে আস-সাওয়ানা গ্রামে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হন।
এছাড়া শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং তিনটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিহ শহরের একটি ভবনে হামলায় আরও চার শিশু, তিনজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছে।
ইসরায়েল বলছে যে, বুধবার সকালে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও আটজন আহত হয়েছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ইলানা স্টেইন বলেন, ‘আমরা বারবার স্পষ্ট করেছি যে, ইসরায়েল দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়। তবে উস্কানি দিলে আমরা জবাব দেব’।
এদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে, পৃথক হামলায় চার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পরদিন ৮ অক্টোবর থেকে সংঘর্ষে জড়িয়ে পরে ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী।
থমকে গেল গাজা যুদ্ধবিরতির আলোচনা
ক্যানসারের টিকা তৈরির শেষপ্রান্তে রাশিয়া!