আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশন। এখানে সরকারের কোন হাত নেই। ড. ইউনূসের বিরুদ্ধে মামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগের বিষয়ে শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০টায় আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্ত হয়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তা কতটুকু কার্যকর হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সেটা বিএনপি বলতে পারে। তবে আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করবেন মানুষ সেদিকেই মনোযোগ দিচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র আছে, তারা আন্দোলন করতে চেষ্টা করুক। পরে তিনি সড়ক পথে নির্বাচনী এলাকা কসবা উপজেলায় যান।
এসময় স্টেশনে মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
