ক্রিকেটের বেশ রহস্যময় এক সিদ্ধান্ত আম্পায়ার্স কল। খেলার মাঠে বহু বিতর্কের জন্ম দিয়েছে এই আম্পায়ার্স কল। এবার রাজকোট টেস্টে ৪৩৪ রানে হেরে আম্পায়ার্স কল বাদ দেওয়ার দাবি জানিয়ে রেখেছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।
রাজকোটে টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে এলবিডব্লিউর শিকার হয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রোলি। এই নিয়ে টানা দুই ম্যাচে এমন ঘটনা ঘটল ক্রোলির সাথে। আগের ম্যাচে বিশাখাপাটনামেও কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন ক্রোলি। এবার তাকে ফিরিয়েছেন জাসপ্রীত বুমরাহ। টিভি রিপ্লেতে দেখা গেছে বল লেগ স্টাম্পের সামান্য উপরে দিয়ে চলে যেত।
আম্পায়ার্স কলের কারণেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ক্রোলিকে। পরে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকস এই আউটের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন জেফ ক্রোর কাছে। পরে ম্যাচ শেষে এই ব্যাপারে কথা বলেছেন স্টোকস। চেয়েছেন আম্পায়ার্স কল যেন বাদ দেওয়া হয়।
ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘যখন ছবি পাওয়া গেল তখন আমরা শুধুমাত্র জ্যাকের (জ্যাক ক্রোলি) এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা চাইছিলাম। রিপ্লেতে দেখা গেছে, বল পরিষ্কারভাবেই স্টাম্প মিস করবে। ফলে যখন এটিকে আম্পায়ার্স কল দেওয়া হল এবং বল স্টাম্পে আঘাত করল না আমরা কিছুটা অবাক হয়েছিলাম এবং হক-আইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছিলাম।’
স্টোকস আরও বলেন, ‘এখানে নাম্বার না কী যেনর কথা বলা হয়েছিল। বলা হয়েছিল এটা স্টাম্পে আঘাত করবে তবে ধারণাটা ভুল ছিল। আমি জানি না কী হয়েছে এখানে তবে কিছুটা একটা ভুল হয়েছে।’
বিশাখাপাটনাম টেস্টেও ক্রোলির এলবিডব্লিউর সিদ্ধান্ত গিয়েছিল ভারতের পক্ষে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে। বিষয়টি নিশ্চিতভাবেই হতাশাজনক স্টোকসবাহিনীর জন্য। এই ব্যাপারে স্টোকস জানান, ‘এখানে যা ঘটেছে তার জন্য আমি কাউকে দোষারোপ করছি না। এটির সাথে ফলাফলের কোনো যোগাযোগ নেই। মাঝেমধ্যে যখন কোনো সিদ্ধান্ত আপনার বিপক্ষে যাবে তখন আসলে খারাপ লাগবে। আপনি চাইবেন যেন এগুলো আপনার পক্ষে যায়। মাঝেমধ্যে এগুলো যাবে মাঝেমধ্যে আবার যাবে না।’
স্টোকস আরও বলেন, ‘আপনি সবসময় লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন। আম্পায়ারদের কাজটা অনেক কঠিন বিশেষ করে ভারতে যেখানে বল টার্ন করছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি বল স্টাম্পে আঘাত করে তাহলে তা স্টাম্পে আঘাত করে ফেলেছে (হিটিং)। সত্যি কথা বলতে গেলে তাদের উচিত আম্পায়ার্স কল সরিয়ে নেওয়া। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ এখানে মনে হবে যে আমরা চেঁচামেচি করছি এবং বলতে চাইছি যে এই কারণেই আমরা টেস্ট ম্যাচ হেরেছি।’
