নিজ ঘরে ঋণগ্রস্ত প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ এএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের বিষাদু চন্দ্র বর্মণের বাড়িতে গতকাল সোমবারের সকালটা অন্য দিনের মতো ছিল না। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, হট্টগোল। এর মধ্যে বিলাপ করে উঠছে কেউ কেউ। বিষাদু চন্দ্রের ছেলে প্রভাত চন্দ্র বর্মণের (৫০) ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে তারই ঘর থেকে।

স্থানীয় লোকজন ও স্বজনরা বলছেন, প্রভাত চন্দ্র স্থানীয় শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন। ব্যক্তি গতভাবে সাদামাটা জীবনযাপন করা মানুষটি ছিলেন অনেকের অনুপ্রেরণা। সেই মানুষটিই ঋণের চাপে ‘আত্মহত্যা’ করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র ঋণগ্রস্ত ছিলেন।

পাওনাদারদের চাপে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ হয় তার। বিষয়টি নিয়ে তিনি কয়েক দিন ধরেই বিমর্ষ ছিলেন। সোমবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, শুনেছি তিনি ঋণগ্রস্ত ছিলেন। আমরা ধারণা করছি তিনি সেই চাপের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্তের পরই সঠিক কারণ বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত