যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের মখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)। সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিন্ত্রীর কাজ করতেন।
মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ স্থানীয়দের বরাতে জানান, সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। বাসুদেবপুর পট্টি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় সবুজ হোসেনকে পাশের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা যশোর ট-৯০৪ নম্বরধারী ট্রাকটি আটক করেছে।
