জয়ে মায়ামির মৌসুম শুরুর নায়ক মেসি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ এএম

৮৩ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজে যে দ্বিতীয় গোলটিতে জয় দিয়ে আসর শুরু করল মায়ামি তার অ্যাসিস্টে দেখা যাবে সুয়ারেজের নাম। তবে মাঝমাঠ থেকে টেনে নিয়ে এসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সুয়ারেজের পায়ে বলটির যোগান দেন লিওনেল মেসি। সুবিধাজনক অবস্থায় না থাকায় সুয়ারেজ সেটি এগিয়ে দেন গোমেজের উদ্দেশে। বাঁকা শটে সেই বল জালে পাঠান গোমেজ।

এর আগে প্রথমার্ধের ৩৯ মিনিটে রবার্ট টেইলরের গোলে লিড নেয় মায়ামি। সেই গোলের সরাসরি যোগানদাতাও মেসি। তাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ওয়েস্টার্ন কনফারেন্সের দল রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মৌসুমের শুভ সূচনা করলেন মেসি ও তার মায়ামি বাহিনী।

তারকায় ঠাসা চেজ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২৯তম মৌসুমের মাঠের খেলা শুরু আগে নজর কেড়ে নিলেন হলিউডের ব্যাপক জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ । ফ্লোরিডার মাঠটিতে তার উপস্থিতি যেমন উষ্ণতা ছড়িয়েছে, তেমনি তিনিও ছিলেন উদগ্রীব।

উইল স্মিথের মতোই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্লোরিডায় উড়ে আসা ভাইস সিটি সমর্থকদেরও অপেক্ষা- পায়ের জাদু কখন দেখাবেন জাদুকর লিওনেল মেসি। আয়োজক পক্ষে মেসির ইন্টার মায়ামি। অতিথি দল রিয়াল সল্ট লেক। গতবার যারা ওয়েস্টার্ন কনফারেন্স থেকে পঞ্চম হয়ে ফাইনাল সিরিজে ওঠে।

মায়ামির হয়ে খেলতে নামেন পুরনো বার্সার একটি জ্বলজ্বলে টুকরো। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। লাল-নীলের বদলে হেরনসদের গোলাপী জার্সিতে এ চতুর্দয়ের একসঙ্গে খেলা আগেই হয়েছে। তবে তা অনানুষ্ঠানিক ম্যাচে। সেজন্যই ডেভিড বেকহাম আয়োজন করে জার্সি তুলে দিলেন দলের প্রতিযোগিতামূলক নতুন মৌসুমের নতুন সংযোজন লুইস সুয়ারেজের হাতে। সুয়ারেজের সন্তান-সন্ততি সেই মুহূর্তের মাহাত্ম্য বাড়িয়ে দিলেন আরও একটু।

ডিয়েগো গোমেজের সঙ্গে গোল উদযাপন লিওনেল মেসির

রেফারির বাঁশিতে ম্যাচের সঙ্গে শুরু হলো মেজর লিগ সকারের ২৯তম মৌসুম। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়া হতো মায়ামির যদি না বাড়িয়ে দেওয়া বলটি ঠিকমতো পায়ে ছোঁয়াতে পারতেন সুয়ারেজ। হতে পারত দারুণ এক অভিষেক। কপাল মন্দ, তা হয়নি। লাফিয়ে ওঠা বল পায়ে না লেগে লাগল উরুগুয়েনের গায়ে। ১৫ মিনিটে মেসির শট ঠেকে যায় মানব দেয়ালে।

১৬তম মিনিটে মেসির স্বাচ্ছন্দ্যের ৩০ গজ দূরের জায়গা থেকে ফ্রি কিকের সুযোগ এল। এবারে মুন্সিয়ানা দেখালেন রিয়াল সল্ট লেকের আর্জেন্টাইন কোচ পাবলো মাস্ত্রোয়েনি। গোলবারের দূর প্রান্তে দাঁড় করিয়ে রাখলেন জাস্টেন গ্লাডকে। ঠিকই গ্লাডের হেড ক্লিয়ার করল মেসির শট। বেঁচে গেল সল্ট লেক।

২১তম মিনিটে এবার সল্ট লেকের ডি বক্সে টানা তিনটি শট নিয়েও পরাস্ত হতে হয় মায়ামিকে। প্রতিটিই ঠেকে যায় ফুটবলারদের জটলায়। তবে ৩৯ মিনিটে চোখের শান্তি মেলে মাঠ ও পর্দার সকল দর্শকের।

বুসকেটসের বাড়িয়ে দেওয়া বল কায়দা করে বানিয়ে দেন মেসি রবার্ট টেইলরের উদ্দেশে। টেইলর শুধু ফিনিশিং টাচ দেন। ফিনল্যান্ডের ফরোয়ার্ডের ওই প্লেসমেন্টেই প্রথমবারের মতো পরাস্ত হন সল্ট লেক গোলরক্ষক জ্যাক ম্যাকমেথ। উল্লাসের রেষ ছড়ায় পুরো গ্যালারিতে। প্রথমার্ধের বাঁশি বাজে মায়ামির ওই এক গোলের লিডে।

দ্বিতীয়ার্ধে সল্ট লেক খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আগের চেয়ে বেশি আক্রমণাত্মক মনোভাব। ৫৮ ও ৫৯ মিনিটে মায়ামির ব্যবধান বাড়িয়ে নেওয়ার দুটো সুযোগ নষ্টের পর ম্যাচের ৬০ থেকে ৭৫- এ ১৫ মিনিট একের পর এক আক্রমণ চলতে থাকে মায়ামির রক্ষণে।

সল্ট লেকের কলম্বিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ান আরাঙ্গো, আর্জেন্টাইন মিডফিল্ডার পাবলো রুইজ ও কার্লোস গোমেজের প্রচেষ্টা ভেস্তে দেন মায়ামি কিপার ড্রেক ক্যালেন্ডার। ৭৭ মিনিটে জোরালো আরও একটি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে মায়ামির এগিয়ে থাকা অক্ষুণ্ন রাখেন তিনি।

নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি

ম্যাচের শেষ ১০ মিনিটে আবারও জ্বলে ওঠে মায়ামি। তার ফল আসে ৮৩তম মিনিটে। মাঝমাঠ থেকে টেনে নিয়ে এসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সুয়ারেজের পায়ে বল যোগান দেন মেসি। সুয়ারেজ সেটি মাইনাস করে দেন ফাঁকায় থাকা ডিয়েগো গোমেজের দিকে। বাঁকা শটে সেই বল জালে পাঠান গোমেজ। ব্যবধান দ্বিগুণ হয় মায়ামির।

এর পর আরও তিনটি সুযোগ আসে মায়ামির সামনে। শেষ দিকে মেসিও করতে পারতেন একটি গোল। ম্যাকমেথ বাদ সাধেন সে প্রচেষ্টায়। এর কিছুক্ষণ পরেই শেষ বাঁশি বাজান রেফারি।

গতবারের মতো এবারও ২-০ গোলের জয় দিয়ে মৌসুমের শুভ সূচনা করে ইন্টার মায়ামি। গতবার প্রতিপক্ষ ছিল মন্ট্রিয়েল, এবার রিয়াল সল্ট লেক। আর এ জয়ের কারিগর- লিওনেল মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত