২০২০ ইউরোতে জার্মানি শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন টনি ক্রুস। এরপর ক্রুস জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। এবার ২০২৪ উইরোকে সামনে রেখে অবসর ভেঙে জার্মান দলে ফিরছেন ৩৪ বছরের এই মিডফিল্ডার।
ক্রুস তার জাতীয় দলে ফেরার বিষয়টি জানিয়েছেন, ইন্সটাগ্রামে। এও জানিয়েছেন আগামী মার্চেই জার্মানির হয়ে ফের মাঠে নামবেন। ক্রুস লেখেন, 'আমি জার্মানির হয়ে আবারও মাঠে নামবো মার্চে। কেন? কারণ আমাকে কোচ জিজ্ঞেস করেছিল, আমি খেলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত এই স্কোয়াড ইউরোতে বিশেষ কিছু করতে পারবে এবং এটা আমরা একসঙ্গে বিশ্বাস করতে পারি।'
জার্মানি ২০২৪ ইউরোতে খেলবে স্বাগতিক হিসেবে। তাদের বাছাই পর্ব খেলা লাগেনি। জুনে ইউরো শুরুর আগে মার্চে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ২৩ মার্চ জার্মান মুখোমুখি হবে ফ্রান্সের, তিনদিন পর তারা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
জুনেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে ক্রুসের। তবে জাতীয় দলে ফেরার ঘোষণার পর রিয়ালেও চুক্তি নবায়ন হতে পারে ক্রুসের।
