জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণবিরোধী ছবি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকে বহিস্কার ও রাষ্ট্রদোহী মামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল ও সভা করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাবিতে ধর্ষণবিরোধী ছবি আঁকার কারণে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক হৃদ্ধ অনিন্দ গাঙ্গুলীকে বহিস্কার করা হয়। পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা করা হয়। তাদের বিরুদ্ধে হওয়া এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি বহিস্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রজোটের জেলা সমন্বয়ক হুজাইফা রহমান, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ.কে. আজাদ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য রথিন্দ্রনাথ বাপ্পি, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি নয়ন সরকার প্রমুখ।
