জয় দিয়ে বিপিএল শেষ করলো সিলেট

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম

মিরপুরে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল জেতায় মাঠে নামার আগেই শেষ হয়ে যায় খুলনার প্লে-অফে খেলার স্বপ্ন। খুলনা টাইগার্সের শেষটাও হলো হার দিয়ে। আজ মিরপুরে সিলেট স্ট্রাইকার্স ৬ উইকেটে হারিয়েছে খুলনাকে।

টস হেরে আগে ব্যাট করে খুলনা তুলেছিল ৮ উইকেটে ১২৮ রান। জবাব দিতে নেমে ১২ বল হাতে রেখেই জয় পায় সিলেট। এবারের বিপিএলে প্রথম পাঁচ ম্যাচ হারা সিলেটের শেষটা হলো জয় দিয়ে।

ব্যাটে-বলে দারুণ ফর্মে থাকা বেনি হাওয়েল এই ম্যাচে সিলেটের জয়ের নায়ক। দারুণ বোলিংয়ে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। পরে ব্যাট হাতে ছোট্ট ক্যামিওতে (৫ বলে ১২) দলকে এনে দেন জয়।

তবে সিলেটের রান তাড়ার শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শূন্য রানে বোল্ড হন জাকির হাসান। টুর্নামেন্টের শুরুটা আশা জাগানিয়া করলেও পরে আর হাসেনি তার ব্যাট। শেষ ৭ ম্যাচের ৬ টিতেই তিনি আ্উট হলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ৬ রানে ২ উইকেট হারানো দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরি। প্রথম বাউন্ডারি পাওয়ার আগে শান্তর রান ছিল ১৪ বলে ৮। শান্ত ৩৭ বলে ৩৯ রান করে ফেরেন। বিপিএলের এবারের আসরে এটিই শান্তর সর্বোচ্চ রানের ইনিংস।

গত বিপিএলের সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানের এবার আসরটি কাটল ভুলে যাওয়ার মতো। ১২ ইনিংসে ১৭৫ রান করেছেন তিনি ১৪.৫৮ গড় ও ৯৩.৫৮ স্ট্রাইক রেটে।

ইয়াসির করেন ৪৬ রান। হাওয়েলের সঙ্গে বাকি কাজটা করেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুই চারে ১৫ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন মিঠুন।

তার আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা টাইগার্সের হয়ে এক প্রান্তে ঝড় তোলেন আফিফ হোসেন। বাকিরা ধুঁকতে থাকেন। আফিফ ৩৫ বলে করেন ৫২ রান। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা।

এছাড়া ওয়েন পার্নেলের ২১, মাহমুদুল হাসান জয় (১১) ও নাহিদুল ইসলামের (১১) ছোট ইনিংসে একশো পেরোয় খুলনা। শেষ ৬ ওভারে কেবল ৩০ রান তুলতে পারে এনামুল হক বিজয়ের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত