বগুড়া বাঁশখালী দৌলতখানে নারীসহ ৪ জনকে হত্যা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীরা বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়ায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। বগুড়ার দুপচাঁচিয়ায় সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তরুণীকে হত্যার। ভোলার দৌলতখানে পিটিয়ে হত্যা করা হয়েছে তরুণকে। এ ছাড়া বরিশালের উজিরপুরে জমিতে সেচ দেওয়ার ট্যাংকিতে পাওয়া গেছে অবসরপ্রাপ্ত সৈনিকের মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকায় মায়ের দোয়া বেকারিতে সহকর্মীদের হামলায় শাহ আলম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত শাহ আলম সাতকানিয়ার সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া জাহাঙ্গীরের বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে। গতকাল শুক্রবার সকালে বেকারি থেকে শাহ আলমের লাশ বাঁশখালী থানা পুলিশ উদ্ধার করে।

বগুড়া : চোর সন্দেহে মো. মোক্তার (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকল শুক্রবার বিকেল ৫টার দিকে বগুড়া সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে সদরের রাজাপুর হটিলাপুর মধ্যপাড়া এলাকায় রাত ১টার দিকে ঘটে। নিহত মোক্তার হোসেন সদরের মাটিডালী উত্তরপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি রাজাপুরের ডাকুর চক গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে বগুড়া সদরের রাজাপুরের হটিলাপুর এলাকায় স্থানীয় জনতা চোর সন্দেহে মোক্তার হোসেনকে মারপিট করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাবিবা বেগম (৩০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র। এর আগে গত বৃহস্পতিবার রাত ১টার পর ৯৯৯ নম্বরে কল পেয়ে উপজেলার ধাপ সুখানগাড়ী এলাকায় ওই নারীর শয়নকক্ষের বিছানা থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাবিবার সাবেক স্বামী মফিজুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।

দৌলতখান (ভোলা) : দৌলতখানে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাব্বি (২২) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আনে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর মাথা ও চকবাজারে দফায় দফায় দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। নিহত রাব্বি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামালের ছেলে।

উজিরপুর (বরিশাল) : উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামে জমিতে সেচ দেওয়ার ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য করিম জমাদ্দারের (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মৃত মানিক জমাদ্দারের ছেলে করিম জমাদ্দারের লাশ উল্টো অবস্থায় ওই ট্যাংকিতে পড়ে থাকতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত