ইংলিশ স্পিন আক্রমণের সামনে রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে বেশ ফিঁকে হয়ে পড়ল ভারতীয় ব্যাটসম্যানরা। দুশো রান করার আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। ইংল্যান্ডও সম্ভাবনা জাগিয়েছিল বড় লিড নেওয়ার। অষ্টম উইকেটে জুরেল-কুলদীপের ৪২ রানের জুটিতে সেই বিপদ কাটায় ভারত। দিনশেষে ভারত থেমেছে ৭ উইকেটে ২১৯ রান নিয়ে। ইংল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ১৩৪ রানে।
আগের দিনের ৭ উইকেটে ৩০২ রান নিয়ে নেমে এদিন আরও ৫১ রান যোগ করে ৩৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। আগের দিনেই সেঞ্চুরি তুলে নেওয়া জো রুট অপরাজিত থাকেন ১২২ রানে। ২৭৪ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি মারেন রুট। ওলি রবিনসন খেলেন মূল্যবান ৫৮ রানের ইনিংস। জাদেজা ৪টি, আকাশ দীপ ৩টি, মোহাম্মদ সিরাজ ২টি ও অশ্বিন ১টি উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে নেমেই হোঁচট খায় ভার। তৃতীয় ওভারে মাত্র ২ রান করে আউট হন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে শুভমান গিলকে নিয়ে ৮২ রানের জুটি পান জয়সওয়াল। শোয়েব বশিরের বলে ৩৮ করে গিল আউট হলে ভাঙে এই জুটি।
চারে নেমে রজত পাতিদার বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। জুটিতে ২৬ রান আসার পর ১৭ করে বশিরের দ্বিতীয় শিকার হন পাতিদার। রবীন্দ্র জাদেজা এসেও বশিরের তোপে পড়লে ১২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। আগের টেস্টের দুই নায়ক জয়সওয়াল ও সরফরাজ আহমেদ প্রতিরোধ গড়েন বেশ কিছুক্ষণ।
তাদের লড়াইয়ে জয়ী হন বশির। ৭৩ রানের থাকাকালীন জয়সওয়ালকে বোল্ড করেন তিনি। ৫৩ বলে ১৪ রান করা সরফরাজকে ফেরান টম হার্টলি। ক্রিজে এসেই হার্টলির দ্বিতীয় শিকার বনে ফেরেন অশ্বিন। তাতে ১৭৭ রানেই ৭ম উইকেট হারিয়ে ফেলে ভারত।
ইংল্যান্ডের হয়ে দিনের সেরা পারফর্মার শোয়েব বশির। নিয়েছেন ৪ উইকেটে। হার্টলি পেয়েছেন ২টি। শুরুতে রোহিতকে ফেরান অ্যান্ডারসন।
ভারতীয় উইকেটকিপার ধ্রুব জুরেল ৩০ ও কুলদীপ যাদব ১৭ রানে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
