অস্ত্র মামলায় জামায়াত আমিরের ১৭ বছর কারাদণ্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাদপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা তাজুল ইসলামকে ২টি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচার মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম কোটচাদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইন-শৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক তার কোটচাদপুর পৌরসভার নিজ বাড়ি থেকে একটি দেশীয় শাটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোটচাদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামি মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের দুটি ধারায় ১০ ও সাত বছর মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত