স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

রাজবাড়ীতে স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।

আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামির নাম সাহিদা বেগম (৫৭)। রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামের বাসিন্দা তিনি। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পাবিরারিক কলহের কারণে ২০১২ সালের ৪ ডিসেম্বর রড দিয়ে পিটিয়ে স্বামী আশরাফকে হত্যার অভিযোগে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সাহিদা বেগম ৯ মাস কারাভোগের পর থেকে জামিনে ছিলেন। রায় প্রদানের সময় আদালতে উপস্থিত হলে আদালত সাহিদা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাড. উজীর আলী বলেন, ‘রায় প্রদানের সময় আদালত বলেছে, সাহিদা বেগমের অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড হয়। আসামির বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ে আমি খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত