এবার সত্যিই মা হচ্ছেন দীপিকা, জানালেন নিজেই 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

সকল জল্পনার অবসান ঘটিয়ে দীপিকা পাডুকোন জানালেন, মা হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী জানান, আগামী সেপ্টেম্বরেই রণবীর সিং ও তার সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে।

দীপিকার পোস্টে মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেডনেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা জানিয়েছেন।

সম্প্রতি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) মঞ্চে খুব সচেতনভাবে শাড়িতে বেবি বাম্প লুকাতে দেখা গেছে দীপিকাকে। তার শারীরিক পরিবর্তনও লক্ষ করেছেন অনেকে। মূলত এর পর থেকেই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল; তাতে নিজেই ভিত্তি দিলেন দীপিকা।

এর আগে গত জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন আমরা পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব। আমাকে আর রণবীরকে বাড়িতে খুব সাধারণ হিসেবেই দেখা হয়। আমাদের সন্তানকেও একইভাবে বড় করতে চাই।’

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাদের।
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত