উষা ক্রীড়া চক্রকে ৮-৪ গোলে উড়িয়ে ক্লাব কাপ হকির ফাইনালে নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়ংস ক্লাব। মতিঝিল পাড়ার দলটি বৃহস্পতিবার আধিপত্য দেখিয়ে ৬-০ গোলে এগিয়ে যায়। এরপর উষা তিন গোল শোধ দেয়। পরে আরও দুই গোল করে মেরিনার্স। শেষ দিকে উষা আরেক গোল করে হারের ব্যবধান কমান। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের মধ্যে দিনের অপর সেমিফাইনালটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মেরিনার্স। প্রথম পিসির সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় দলটি। মিলন হোসেনের পুশ, আবেদ থামালে, সোহানুর রহমান সবুজের ড্রাগ এন্ড ফ্লিক জালে জড়ায়। নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতীয় ফরোয়ার্ড মিথিলেশ। কৌশিকের আড়াআড়ি ক্রস স্ট্রাইকিং সার্কেলে ধরে রিভার্স হিটে ২-০ করেন।
২৭তম মিনিটে দ্বিতীয় পিসিকে গোলে পরিণত করেন সবুজ। এবারও একই কম্বিনেশনে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ মিনিটে প্রতি-আক্রমন থেকে প্রতিপক্ষের বিপদসীমায় বল পেয়ে দারুণ ফিনিশ করেন মেরিনার্সের মঈনুল ইসলাম কৌশিক (৪-০)। ৩৭ মিনিটে মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি ডান দিক দিয়ে আক্রমনে উঠে গোলমুখে বল পাঠান। সেটা উষা কিপারের পায়ে লেগে জালে প্রবেশ করে (৫-০)। ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় মেরিনার্স। তা থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সবুজ।
ছয় গোল হজমের পর এক মিনিটে দুটি গোল করে উষা। ৪৫ মিনিটে পিসি থেকে উষার হয়ে প্রথম গোল করেন মোহাম্মদ শারিক। পরের মুহূর্তে শারিক পেনাল্টি স্ট্রোক থেকে গোল দ্বিতীয় গোল করেন। ৫১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় উষা। রি-বাউন্ডে হালকা পুশে গোল করেন আরশাদ হোসেন। ৫৫ মিনিটে সবুজ ম্যাচে চতুর্থ গোলের দেখা পান পিসির সুযোগ কাজে লাগিয়ে। দুই মিনিট বাদে কৌশিক ৮-৩ করেন। ৫৮ মিনিটে পিসি থেকে গোল করে শারিক হ্যাটট্রিক পূরণ করলেও উষা বড় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।
