বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাত সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবির নতুন কমিটি ঘোষণা রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন।
বিএনপির চলমান আন্দোলনে প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে না পারায় সমালোচনা তৈরি হয়েছিল ছাত্রদলের নেতৃত্বকে নিয়ে। যার পরিপ্রেক্ষিতে নতুন করে আন্দোলনের জোয়ার সৃষ্টি করার প্রক্রিয়ায় ছাত্রদলকেও ঢেলে সাজাচ্ছে বিএনপির হাইকমান্ড। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারাও ছাত্রদলে নতুন প্রাণ সঞ্চার এবং বিএনপির সরকার পতনের আন্দোলনে দৃশ্যমান ভূমিকা রাখার কথা জানিয়েছেন।
নতুন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেশ রূপান্তরকে বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ছাত্রদল আন্দোলনের গণজোয়ার সৃষ্টি করবে। ছাত্রদলকে আরও বেশি সুসংহত ও সুসংগঠিত করার চ্যালেঞ্জ আমরা নেব। বিএনপির মূলশক্তি হিসেবে রাজপথে ভূমিকা পালন করবে ছাত্রদল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন-সংগ্রামে সোচ্চার থাকবে ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী।’
সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বর্তমানে ছাত্রদলকে রাজপথে অতীতের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সে চ্যালেঞ্জ নিয়েই আমরা সামনের রূপরেখা ঠিক করব। তৃণমূল থেকেই ছাত্রদলকে আরও বেশি সুসংহত করার প্রয়াস আমাদের রয়েছে। আশাকরি আন্দোলনে আমরা দৃশ্যমান ভূমিকা রাখতে পারব।
২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছিল রাশেদ ইকবাল খানকে, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল রাকিবুল ইসলাম রাকিবকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়াকে।
