আন্ডারপাসের ছাদে পিকনিকে বাসের ধাক্কা, আহত ২২

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৬:৩০ পিএম

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের একটি বাস পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের (শেখ হাসিনা সরণির) একটি আন্ডারপাসের ছাদে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বার্ষিক পিকনিকের জন্য রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে বিআরটিসির দ্বিতল বাস যোগে রওনা দেন। সকাল ১০টার দিকে বাসটি কাঞ্চন-কুড়িলবিশ্বরোড সড়কে (শেখ হাসিনা সরনি) পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে সার্ভিস সড়ক দিয়ে যাওয়ার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা দেয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। 

দুর্ঘটনায় আহতরা হলেন— তিতাস কর্মকর্তা রবিন লাল, শাকিল, শাভা, মিনহাজ, শরিফুল, মনোয়ারা, রেহেনা, নিখিল, শুভ্রত, তানজিম, নজরুল ইসলাম, সুমাইয়া, শিরিন আক্তার, স্বরনা রানী, তানিয়া, জেরিন, শাহনাজ, আফরিনসহ ২২ জন। আহত সবাইকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে শুভ্রত, নিখিল, স্বরনা রানী ও মনোয়ারার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন, নারায়ণগঞ্জ শাখার সিবিএ সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ বলেন, আজকে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক পিকনিক ছিল। সকালে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তিতাসের নারায়ণগঞ্জ ডিভিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের মোট ১২শ লোক নিয়ে পিকনিকের উদ্দেশ্যে রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে রওয়া হই। এর মধ্যে একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে । এতে আমাদের বহুলোক আহত হয়েছে। 
   
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাসে আটকে পড়া সবাইকে 
দ্রুত উদ্ধার করি। এদের মধ্যে আহত ২২ জনকে হাসপাতাল প্রেরণ করেছি।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরেশ বাগচী বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তার সবাইকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। তিনি আরেও বলেন, গত ১ সপ্তাহে একই জায়গায় এ নিয়ে ৩টি দ্বিতল বাস দুর্ঘটনার কবলে পড়েছে। আহত হয়েছে অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত