চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০৬ এএম

একজন মা ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। আরেকজন রাজধানীতে নারীদের জন্য তৈরি করেছেন নিরাপদ আবাসন। কেউ আবার ক্রীড়াক্ষেত্রে দেশের জন্য বয়ে এনেছেন আন্তর্জাতিক সম্মান। আরেক সংগ্রামী শত প্রতিকূলতার মধ্যেও সমাজের নানা অসংগতি তার আলোকচিত্রে তুলে ধরেছেন। সমাজের নানা ক্ষেত্রে এমন অনন্যসব অবদান ও দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ৪ নারীকে দেওয়া হলো ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৩’।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ সমাজে অবধান রাখা নারীদের খুঁজে বের করে এই সম্মাননা দিয়ে আসছে। নৃত্যশিল্পী ও অভিনেত্রী তারিন জাহান এবং তার দলের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে কীর্তিমতী নারীদের সম্মাননা দেওয়া হয়। ফাঁকে ফাঁকে ছিল আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা।

পুরস্কার পাওয়া নারীদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের নারীকণ্ঠ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক, সমাজসেবী ও সংগঠক শাহরিয়ার ফারজানা।

ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে বগুড়ার শিক্ষক শাহনাজ পারভীন পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা।

কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন প্রজেক্ট সেকেন্ড হোম প্রতিষ্ঠাতা সুমনা শারমিন।

সব শেষে কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা পেয়েছেন সাতবার দেশের দ্রুততম মানবী খুলনার অ্যাথলিট সুলতানা পারভিন লাভলী। রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৩ প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, সমকাল সম্পাদক আলমগীর হোসেন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ প্রধান পরিচালক পারভেজ সাইফুল ইসলাম।

এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন। পুরস্কার বিতরণ শেষে জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথির গানে গানে শেষ হয় অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত