গণহত্যায় ইসরায়েলকে সাহায্য করায় কাঠগড়ায় জার্মানি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:৩৮ এএম

ইসরায়েলের অমানবিক ও আইন-বহির্ভূত কর্মকান্ডে সহায়তার অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্য আমেরিকার নিকারাগুয়া। গত শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত মামলাটির কথা জানায়। এদিকে ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো গাজাবাসীর ওপর হামলার রেশ না কাটতেই গতকাল শনিবার রাফাহ শহরে বাস্তুচ্যুতদের বসতিতে হামলা করে ইসরায়েল। জাবালিয়া ও দেইর আল-বালাহ আশ্রয়শিবিরেও হামলা করেছে তারা। অর্থাৎ ৩০ হাজারের বেশি প্রাণহানির পরিসংখ্যান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমে গতকাল শনিবার বলা হয়, ইসরায়েলকে সহযোগিতায় ভূমিকা রাখার পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থাকে (ইউএনআরডাব্লিউএ) সহায়তা বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে জার্মানিকে কাঠগড়ায় তুলেছে নিকারাগুয়া।

লাতিন দেশটি অভিযোগ দায়ের করেছে, ইসরায়েলকে সহায়তার মাধ্যমে জার্মানি আন্তর্জাতিক আইন ভেঙেছে। এখন তারা দ্য হেগ শহরভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে যাতে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে জার্মানি এবং ইউএনআরডাব্লিউএ সংস্থার অর্থায়ন আবার চালু করে।

মামলার নথিপত্রে ১৯৪৮ সালের সই হওয়া গণহত্যা সংক্রান্ত সনদ এবং ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের উদ্ধৃতি দিয়ে নিকারগুয়া অভিযোগ করেছে, ‘জার্মানি গণহত্যা সংঘটনের কর্মকা-ে সহযোগিতা করছে।’

নিকারাগুয়ার এই মামলার পরিপ্রেক্ষিতে কখন শুনানি হবে, তা এখনো পরিষ্কার হয়নি। তবে এই ধরনের মামলার পর জরুরি পদক্ষেপ চাওয়া হলে তা কয়েক সপ্তাহের মধ্যেই শুনানির জন্য প্রস্তুত হয়।

যুক্তরাষ্ট্রের পর জার্মানি হচ্ছে ইসরায়েলের অন্যতম বড় সামরিক সহায়তাকারী দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যসহ প্রায় ৯টি দেশ ইউএনআরডাব্লিউএ সংস্থার জন্য প্রতিশ্রুত সহযোগিতা স্থগিত করেছে। তাদের অভিযোগ, গত বছরের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় এই সংস্থার অনেকে জড়িত। 

এই মামলা দায়ের করে নিকারাগুয়া বলছে, জরুরি পদক্ষেপ প্রয়োজন; কারণ বার্লিন ‘গাজা উপত্যকায় দৃশমান চলতি গণহত্যায় অংশ নিচ্ছে এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন করছে।’

সনদে সই করা দেশগুলো গণহত্যা প্রতিরোধে দায়িত্ব কাঁধে নেয়। এই ধরনের কর্মকান্ডে জড়িত থাকাকে সনদের লঙ্ঘন হিসেবে ধরা হয়। এর আগে ইসরায়েলকে সরাসরি দায়ী করে এই ধরনের মামলা আইসিজেতে রুজু করে দক্ষিণ আফ্রিকা। ওই মামলার শুনানির পর জরুরি নির্দেশনা দিয়েছিলেন আদালত। এবার নিকারাগুয়ার মামলা থেকেও এই ধরনের আরও একটি নির্দেশনা প্রত্যাশা করা হচ্ছে যা জার্মানিকে পদক্ষেপ নিতে চাপ প্রয়োগ করবে।

এদিকে গাজার নিয়ন্ত্রক হামাস কর্তৃপক্ষ জানায়, রাফাহ শহরের একটি হাসপাতালের কাছে বাস্তুচ্যুতদের আবাসস্থলে হামলা চালিয়ে গতকাল ১১ জনকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয় আরও ৫০ জন। আবার দেইর আল-বালা ও জাবালিয়ার আবাসিক ভবনে হামলা চালিয়ে হত্যা করেছে আরও ১৭ ফিলিস্তিনিকে। সব মিলিয়ে গতকাল শনিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩০ হাজার ৩২০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত