পাকিস্তান

প্রেসিডেন্ট পদে জারদারির প্রতিদ্বন্দ্বী খান আচাকজাই

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:৩৮ এএম

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাই। তিনি পশতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান। এদিকে সরকারপ্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য শাহবাজ শরিফ ও ওমর আইয়ুব খানের মনোনয়ন গৃহীত হয়েছে।

পাকিস্তানে সাংবিধানিক মর্যাদার নিরিখে সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট। এই পদের নির্বাচনকে সামনে রেখে গতকাল প্রার্থী ঘোষণা করে এসআইসি। ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআইয়ের সমর্থনে জয়লাভ করা প্রার্থীরা এই দলের সঙ্গে জোট বেঁধে আইনসভায় শপথ নিয়েছেন। গতকাল জানানো হয়, তারা প্রেসিডেন্ট পদে মাহমুদ খান আচাকজাইকে সমর্থন করবে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের কয়েক দিন পর সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার গঠনের জন্য পিপিপির সঙ্গে জোট গড়ার ঘোষণা দেয়। এতে সমঝোতা হয়, পিপিপি প্রধানমন্ত্রী পদে সাবেক সরকারপ্রধান নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে সমর্থন দেবে এবং এর বিনিময়ে পিএমএল-এন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পদে আসিফ আলি জারদারিকে সমর্থন জানাবে।

আচাকজাই এবার জারদারির বিরুদ্ধে লড়বেন। আদিয়ারা কারাগারে বন্দি ইমরান খান বালুচিস্তানে জাতীয় পরিষদের একটি থেকে জয়লাভ করা এই নেতাকে সমর্থনের জন্য তার অনুগত আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন।

আগামী শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর আগামী বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে আগামী শুক্রবার বর্তমান প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির মেয়াদ শেষ হবে। এদিকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফ এবং পিটিআই মহাসচিব ওমর আইয়ুব খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার এই নির্বাচনে আইনপ্রণেতারা ভোট প্রদান করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত