এমএলএসের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলের জয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ শুধু একটি করে অ্যাসিস্ট করেন। পরের ম্যাচে মেসি গোল পেলেও এলএ গ্যালাক্সির সঙ্গে মায়ামি করেছে ১-১ গোলে ড্র। তবে শনিবার মায়ামির তৃতীয় ম্যাচেই দেখা মিলেছে অপ্রতিরোধ্য মেসি-সুয়ারেজ জুটির।
অরল্যান্ডো সিটিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে। দুজনেই করেছেন জোড়া গোল। মেসি অ্যাসিস্ট করেছেন একটি, সুয়ারেজ দুটি। দুর্দান্ত একটি ম্যাচ কাটানোর পর মেসি যেন এমএলএসে মায়ামির সব প্রতিপক্ষকে পরোক্ষে একটা হুমকিই দিয়ে রাখলেন।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচ শেষে সম্প্রচার প্রতিষ্ঠান অ্যাপলটিভির সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'পিঠে ব্যাগ তুলে নেওয়ার বদলে আমরা আমাদের দল নিয়ে সচেতন আছি। আমরা সংগঠিত এবং এমএলএসে লড়াই করার জন্য তৈরি হচ্ছি।' তবে একটা বিষয়ে মেসি যেন সতীর্থদের সতর্কই করে দিয়েছেন, 'আমরা জানি, পথটা দীর্ঘ। এটা মাত্রই শুরু। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা জানি, আমাদের লড়াই করার মতো একটা দল আছে এবং আমরা চেষ্টা করব।’
গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪তম হয়েছিল ইন্টার মায়ামি। সেবার মৌসুমের মাঝে দলটিতে নাম লিখিয়েছিলেন মেসি। মেসি-ঝলকে বেশ কিছু ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। এবার মেসি-সুয়ারেজ জুটিকে নিয়ে এমএলএসের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। মেসি দিলেন ভালো কিছুর প্রতিশ্রুতি, ‘প্রথম ম্যাচটি ভালোভাবে শুরু করাটা গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকা আর লিগnকাপ আসছে। সেই সময় লিগে বিরতি আসার আগে পর্যন্ত নিজেদের সেরাটা দিতে চাই।’
ইন্টার মায়ামির পরের ম্যাচ বাংলাদেশ সময় ৮ মার্চ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ১৬'র প্রথম লেগ। প্রতিপক্ষ ন্যাশভিলে। ১৪ মার্চ ন্যাশভিলের সঙ্গে রিটার্ন লেগ খেলার আগে ১১ মার্চ এমএলএসে মন্ট্রিলের বিপক্ষে খেলবে মেসিরা।
