টেস্ট ক্রিকেটে ফেব্রুয়ারি মাসটা দারুণ কেটেছে ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি করেন। তাকে হাতছানি দিচ্ছে দারুণ এক স্বীকৃতির। আইসিসির মাসসেরা খেরোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জয়সওয়াল।
ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের লড়াইয়ে থাকাদের নাম আজ প্রকাশ করেছে আইসিসি। পুরুষ ক্রিকেটারদের সেরার লড়াইয়ে জয়সওয়ালের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেন জয়সওয়াল। মাস জুড়ে ১১২ গড়ে ৫৬০ রান করেন বাঁহাতি এই ওপেনার।
বিশাখাপাত্নামে দ্বিতীয় টেস্টে জয়সওয়ালের ব্যাট থেকে আসে ২০৯ রানের ইনিংস। পরের ম্যাচে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে উপহার দেন আরেকটি ডাবল সেঞ্চুরি, খেলেন অপরাজিত ২১৪ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উইলিয়ামসন। গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুই টেস্টে তিনটি সেঞ্চুরি করেন তিনি। ১৩৪.৩৩ গড়ে সর্বোচ্চ ৪০৩ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন।
আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে সেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন নিশাঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন চমৎকার কিছু ইনিংস।
নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝা ও কভিশা এগোদাগে।
