দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৯ মার্চ বিএনপির গণসংযোগ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:২৩ এএম

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৯ মার্চ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সুপেয় পানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষমতাসীন হওয়ার পর এক কোটি চল্লিশ লাখ টাকা খরচ করে আমেরিকা, লন্ডন ও সিঙ্গাপুরে ‘রোডশো’ করেছিল সরকার, জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে। তারা দুর্নীতির ভাবধারায় অনুপ্রাণিত বলে এ খাতে কোনো বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। দুর্নীতি ঢাকতে জ্বালানি খাতে ইনডেমনিটি জারি করা হয়েছে। নিজেদের পকেটে ঢোকানোর জন্য কুইক রেন্টালের মাধ্যমে ক্যাপাসিটি চার্জের নামে টাকা লোপাট করা হচ্ছে। জ্বালানি আমদানির নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। রমজানের সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণের দাম বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘কম টাকায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন না করে কয়লা, তেল, গ্যাস প্রভৃতি পরিবেশ দূষণকারী জৈব জ্বালানি ব্যবহার করে দেশের পরিবেশের বিপর্যয় ডেকে আনা হচ্ছে। জ্বালানি আমদানির নামে দেশ থেকে লক্ষ-কোটি টাকা পাচার করছে সরকার। গ্যাস সংকটে দেশের শিল্প-কলকারখানা বন্ধ হয়েছে, বাড়িতে চুলা জ্বলছে না। এ পরিস্থিতি চলতে থাকলে রমজান মাসে ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়বে সাধারণ মানুষ।’

রিজভী বলেন, ‘বরই দিয়ে ইফতার করার পরামর্শ মুসলমানদের সঙ্গে রসিকতা। সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছেন।’ বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খানের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস, আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত