প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহনন!

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম

যে রাতে প্রেমিকার বিয়ে হয়, সেই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের। গুঞ্জন- প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই 'প্রেমিক'।

আত্মহত্যা করা ওই কিশোরের নাম মারুফ হাওলাদার, বয়স ১৭।

জানা গেছে, মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের বাহাদুর হাওলাদারের ছেলে সে। পেশায় জেলে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মারুফের বাড়িসংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে মারুফের 'প্রেমের সম্পর্ক' গড়ে ওঠে। প্রায় দুই মাস আগে বিষয়টি জানতে পারে ছেলে-মেয়ের পরিবার।

নাম প্রকাশ না করার শর্তে মারুফের এক স্বজন জানান, এ ঘটনার দু-তিন মাস আগে ওই মেয়েকে নিয়ে মারুফ তাদের ঘরে এসে ওঠে। পরে দুই পরিবার ও স্থানীয় লোকজন তাদের বুঝিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে যায়। তখন বলা হয় 'প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেওয়া হবে'। কিন্তু বুধবার রাতে মারুফের 'প্রেমিকা'র অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। এ খবরের পর থেকে মারুফ নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- প্রেমিকার বিয়ের খবর শুনে সে আত্মহত্যা করেছে।

তবে মেয়ের পরিবারের দাবি, মারুফের সঙ্গে তাদের মেয়ের কোনো সম্পর্কই ছিল না।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত