বিশ্বকাপ ব্যর্থতায় সরে দাঁড়ালেন মাসাকাদজা

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম

জিম্বাবুয়ের ডিরেক্টর অব ক্রিকেটের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তার দায়িত্বকালে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। এ ঘটনাকেই পদত্যাগের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।

২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরপরই জিম্বাবুয়ের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নেন মাসাকাদজা।  ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়ার চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার কষ্ট সইতে হয় তাদের।

পদত্যাগপত্রে মাসাকাদজা জানিয়েছেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর আমরাই একমাত্র পূর্ণ সদস্য, যারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, সে ব্যাপারটি থেকেই যায়। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে বাজে মুহূর্ত, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আমি এর পূর্ণ দায় নিচ্ছি।’

মাসাকাদজার সময়কালে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ফোরে উঠেছিল দলটি। ন্যাশনাল প্রিমিয়ার লিগ, জিম আফ্রো টি-টেন লিগের পাশাপাশি মেয়েদের আঞ্চলিক টুর্নামেন্ট, ৫০ ও ২০ ওভারের কাপ চালু হয়েছে।

এ সময়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০২৬ সালে তাদের মাটিতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরের আসর। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপেরও যৌথ আয়োজক তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত