কানাডায় ছুরিকাঘাতে শ্রীলঙ্কান পরিবারের ৬ জন নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:০৭ এএম

কানাডার এক শ্রীলঙ্কান পরিবারের ছয়জনকে একসঙ্গে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিন মাসেরও কম বয়সী এক শিশু রয়েছে। নিহতদের মধ্যে এক মা ও চার শিশু এবং তাদের সঙ্গে বসবাস করা আরেকজন ছিলেন। এ সময় শিশুদের বাবা আহত হন। গত বৃহস্পতিবার পুলিশ জানায়, গত বুধবার রাতে রাজধানী অটোয়ায় ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলাটিকে ‘ভয়ংকর শোচনীয় এক ঘটনা’ আখ্যা দেন। পুলিশ জানায়, ঘটনার ভুক্তভোগীরা কানাডায় নবাগত। হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক তরুণ শ্রীলঙ্কারই নাগরিক।

পুলিশ বলছে, শ্রীলঙ্কা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সী পুরুষ শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি হত্যাকান্ড ও একটি হত্যাচেষ্টার  অভিযোগ আনা হয়েছে। ওই তরুণের সঙ্গে পরিবারটির চেনাজানা ছিল। নিহত মায়ের বয়স ৩৫ বছর। আর পরিবারের সঙ্গ বসবাসকারী নিহত পুরুষ ব্যক্তির বয়স পরিচিত ৪০ বছর।

পুলিশ আরও জানায়, জরুরি ডাক পেয়ে তারা অটোয়ার বারহ্যাভেন এলাকায় পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত সন্দেহভাজনকে শনাক্ত করে। কোনো বাধা ছাড়াই ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অটোয়ার মেয়র মার্ক সাক্লিফ বলেছেন, ‘এই ঘটনা আমাদের শহরের অন্যতম মর্মান্তিক ঘটনা।’

কানাডায় নির্বিচার হত্যা বিরল ঘটনা। ১০ লাখ বাসিন্দার শহর অটোয়া ২০২৩ সালে ১৪টি খুন ও ২০২২ সালে ১৫টি খুনের ঘটনা প্রত্যক্ষ করেছে। ২০২২ সালের ডিসেম্বরে কানাডার টরন্টোতে এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে। ওই ব্যক্তি পুলিশের গুলিতে মারা যান। ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার পশ্চিমাঞ্চলীয় সাসকেচোয়ান রাজ্যে এক ব্যক্তি ১১ জন মানুষকে ছুরিকাঘাতে হত্যা করেন। তাকে গ্রেপ্তার করার কিছুক্ষণ পর তিনি অতিরিক্ত কোকেন সেবনের কারণে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত