রাজকোট টেস্টে ৪৩৪ রানে হেরেছিল ইংল্যান্ড। সেই ক্ষত মুছতে মুছতে এবার ধর্মশালায় আরেকটা ধাক্কা খেয়েছে ইংলিশরা। বেন স্টোকসের দল এবার হেরেছে ইনিংস ও ৬৪ রানে। যেখানে আবারও নজর কেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এমন কিছু স্বপ্নে ঘটে থাকে। অশ্বিন নিজের সেঞ্চুরি টেস্ট রাঙিয়ে দিলেন। দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়ে ভারতকে জেতাতে সাহায্য করেন তিনি।
ভারত প্রথম ইনিংসে করেছিল ৪৭৭ রান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও ১৯৫ রানের বেশি করতে পারেনি। যার ফলে ভারত পাঁচ ম্যাচের সিরিজ জিতল ৪-১ ব্যবধানে।
শুধু অশ্বিন নন, ভারতের বাকি বোলাররাও এই ম্যাচ জয়ের কৃতিত্ব দাবি করতে পারেন। কুলদীপ যাদব পেলেন দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট। পাশাপাশি বুমরা চাপে রেখে দিয়েছিলেন বিপক্ষের ব্যাটারদের। এই টেস্ট সিরিজে বিরাট কোহলি, কে এল রাহুল ও মহম্মদ শামি না থাকলেও বোঝাই গেল না তাঁদের অনুপস্থিতি। রোহিত শর্মা ও শুভমান গিল দুজনেই এই ম্যাচে সেঞ্চুরি করে দলকে জয়ের ভিত গড়ে দিয়েছেন।
ধরমশালা এই টেস্ট ম্যাচে কুলদীপ ম্যাচের সেরা হলেন। কারণ তিনি প্রথম ইনিংসে ইংল্যান্ডের সেরা পাঁচ তারকা ব্যাটারকে আউট করেছেন। তবে শেষ ম্যাচের আসল নায়ক ৩৭ বছরের অশ্বিন। তিনি যে এখনও সমানভাবে ম্যাচ উইনার সেটি প্রমাণ করলেন। এই সিরিজের আবিষ্কার অবশ্য যশস্বী জয়সোয়াল। তিনি দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। গিলও নিজের সেরা ক্রিকেট উপহার দিয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচ ছাড়া ইংল্যান্ড একেবারে নিষ্প্রভ ছিল। তাদের জেমস অ্যান্ডারসন টেস্টে মোট সাতশো উইকেট পেলেন। আর এই সিরিজ জিতে ভারত প্রায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল। টেস্ট ক্রম তালিকায় অনেক উপরে চলে গেল।
শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন যে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন, সেই টেস্ট জিতেই মাঠ ছেড়েছিল তাঁদের দল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। কিন্তু জেমস অ্যান্ডারসনের ভাগ্যে তা জুটল না। ধর্মশালায় আজ অ্যান্ডারসনের ৭০০ উইকেট ছোঁয়ার দিনেই ভারতের কাছে ইনিংস ব্যবধানে পরাজয় ইংলিশদের।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত আজ অলআউট হয় ৪৭৭ রানে। ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৫ রানে। সফরকারীদের ইনিংস ব্যবধানে হারাতে বড় অবদান নিজের ১০০তম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টের এক ইনিংসে এ নিয়ে ৩৬ বার ৫ উইকেট নিলেন এই স্পিনার, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। আজ তিনি ছাড়িয়ে গেছেন অনিল কুম্বলেকে (৩৫ বার)। এর পাশাপাশি আরেকটি কীর্তিও গড়েছেন অশ্বিন। মুরালিধরন, ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে নিজের ১০০তম টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
