দুই পেনাল্টি গোলে জয়ে ফিরল ম্যানইউ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:০৮ পিএম

গতি আর স্কিলে দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। তাকে রুখতে ডি-বক্সে একবার করে ফাউল ও হ্যান্ডবল করল এভারটন ডিফেন্ডাররা, দুটি পেনাল্টি থেকেই গোল আদায় করে নিল এরিক টেন হাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউ ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। স্পটকিক থেকে ম্যানইউয়ের হয়ে গোল দুটি করেন ব্রুনো ফের্নান্দেজ ও মার্কাস র‌াশফোর্ড।

ফুটবলের পরিসংখ্যান ও বিশ্লেষণী ওয়েবসাইট অপটা জানিয়েছে, প্রিমিয়ার লিগের ম্যাচে একই খেলোয়াড়ের দুটি পেনাল্টি আদায়ের ঘটনা ঘটল দুই বছরের বেশি সময় পর। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে লিডসের বিপক্ষে দুটি পেনাল্টি পেয়েছিলেন তখন চেলসিতে খেলা রুডিগার।

ম্যাচে দারুণ খেলা গারনাচোকে ৮৩ মিনিটের সময় মাঠ থেকে উঠিয়ে নেন কোচ টেন হাগ। ম্যাচে টেন হ্যাগ তার দলকে খেলান ৪-২-৪ ফরমেশনে।

প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে হেরেছিল রেড ডেভিলরা। এভারটনকে হারিয়ে লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরল তারা।

এই জয়ে শেষ চারে থাকার আশা কিছুটা বাড়লো ম্যানইউয়ের। ২৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্টে ছয়ে তারা। চারে থাকা অ্যাস্টনভিলার চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত